নিজস্ব প্রতিনিধি, ইউএই :
সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সন্ধ্যায় দুবাইয়ের দেরা এলাকায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আমিরাতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নানা গুজব ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে, যা প্রবাসীদের জন্য ক্ষতির কারণ হতে পারে। এ পরিস্থিতিতে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা।
এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আইন-কানুন কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়। বিদেশের মাটিতে দেশের সুনাম বজায় রাখতে হলে স্থানীয় আইনকে শ্রদ্ধা করা প্রত্যেক প্রবাসীর দায়িত্ব বলেও উল্লেখ করেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র কমিউনিটি নেতা প্রকৌশলী মোঃ সালাউদ্দিন, সময় টেলিভিশনের শিবলী আল সাদিক, প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি ও ডিবিসি নিউজের প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, কবি ওবায়দুল হক, দৈনিক সূর্যোদয়ের নাসিম উদ্দিন আকাশ, দৈনিক দেশ বার্তার সম্পাদক আবু সালেহ, দৈনিক ইত্তেফাক ও সিপ্লাস টিভির শহিদুল্লাহ শহিদ, গাজী টেলিভিশনের ফখরুদ্দীন মুন্না, বাংলাদেশ প্রতিদিন ও নাগরিক টিভির জাসেদুল ইসলাম, বায়ান্ন টিভির ওবায়দুল হক মানিক, বঙ্গ টিভির মুহাম্মদ সেলিমসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও প্রবাসীদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

