সাগর চন্দ্র স্বপন, আমিরাত প্রতিনিধি:**
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত তারেক আহমেদের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে রাষ্ট্রদূতের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য ও জাতীয় জীবনে এর গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এ ছাড়া প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা এবং বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, ১৯৭৬ সালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে শ্রমসম্পর্কের সূচনা হয়। দীর্ঘ ৫০ বছরের পথচলায় প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছে। নির্মাণশিল্প থেকে শুরু করে হাসপাতাল, হোটেল, ব্যাংক ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবাসীরা নিজেদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।
তিনি আরও বলেন, ভিসা নবায়ন, কর্মস্থল পরিবর্তন ও শ্রমিক ভিসাসহ বিভিন্ন বিষয়ে প্রবাসীদের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এসব সমস্যা সমাধানে কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি সবার দায়িত্বশীল আচরণ জরুরি।
রাষ্ট্রদূত প্রবাসীদের উদ্দেশে বলেন, দলীয় বিভেদ ভুলে প্রবাসে সবার প্রথম পরিচয় হওয়া উচিত বাংলাদেশি। দেশের কল্যাণ, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং প্রবাসীদের ঐক্য ও সংহতি বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন জনতা ব্যাংকের সিইও কামরুজ্জামান, বিএনপি নেতা ইসমাইল হোসেন তালুকদার, আবুল বাশার, আলহাজ দিদারুল আলম, নূর হোসেন সুমন, আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান সোহেল ও সাখাওয়াত হোসেন বকুলসহ আরও অনেকে।
এ সময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

