মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
নীলফামারীর জলঢাকা উপজেলায় সোমবার (২ মার্চ) রাতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর প্রতিনিধি পরিচয়ে নকল ওষুধ বাজারজাতের দায়ে মৃনাল অধিকারী (৩০) নামে এক ব্যক্তিকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে ‘জিম্যাক্স–৫০০’ নামের নকল অ্যান্টিবায়োটিকের ৪৮টি বক্স উদ্ধার করা হয়। জানা গেছে, তিনি কোম্পানির প্রতিনিধির পরিচয় দিয়ে বিভিন্ন ফার্মেসিতে এসব নকল ওষুধ সরবরাহ করছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। আদালত সূত্রে জানা যায়, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

