ঢাকাসোমবার , ২৬ অক্টোবর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে মাদকবিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিবেদক
Sagar Chandra
অক্টোবর ২৬, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

​নিজস্ব প্রতিবেদক, নীলফামারী:

নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবনের প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। এ ঘটনার তীব্র নিন্দা ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

​রোববার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, গত ৯ অক্টোবর সৈয়দপুর পৌর এলাকার ছাদরালেন এলাকায় মাদক বিক্রিতে বাধা দেন স্থানীয়রা। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত শেফালী ও তাঁর স্বামী সোহাগের সঙ্গে এলাকাবাসীর বিরোধ বাধে। এর জেরে ক্ষুব্ধ হয়ে ওই দম্পতি এলাকাবাসীর বিরুদ্ধে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে একটি মিথ্যা মামলা দায়ের করেন।

​অংশগ্রহণকারীরা আরও জানান, মিথ্যা মামলার প্রতিবাদ করায় তাঁদের বিভিন্নভাবে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এর ফলে তাঁরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

​১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনজুর আলম বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে গিয়ে কেউ যেন হয়রানি বা হুমকির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। মাদকবিরোধী প্রতিবাদ করায় নিরীহ এলাকাবাসীকে মামলায় জড়ানোর এই ঘটনার সুষ্ঠু তদন্ত প্রয়োজন।”

​১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রুহুল আমিন মির্জা বলেন, “অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় মাদক ব্যবসা চিরতরে বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।”

​মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাঁদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি জানান।

Don`t copy text!