বিশেষ প্রতিনিধি: ভোলা-৪ আসনে বিএনপির মনোনিত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেছেন, ‘বিএনপি হচ্ছে একটি নারীবান্ধব দল। বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে রাষ্ট্রের সেবা প্রতিটি নাগরিকের ঘরে ঘরে পৌঁছে দিবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নারীদের জন্য ইতোমধ্যে বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহণ করেছেন। যখনি বিএনপি ক্ষমতায় আসে নারীদের জন্য কোন না কোন অবদান রেখে যায়।’
শনিবার (৭ ফেব্রুয়ারী) চরফ্যাশন পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী মহিলা সমাবেশ নূরুল ইসলাম নয়ন এসব কথা বলেন।
তিনি বলেন, ‘চরফ্যাশন ও মনপুরায় তথা ভোলা-৪ আসনে বিগত ১৭ বছর মাদক, সন্ত্রাসের রাজত্ব ছিলো। শুধু এই আসনেই নয়, অন্যান্য আসনের সাবেক এমপি-মন্ত্রীরা চাঁদাবাজ ছিল। কিন্তু বর্তমান বাংলাদেশ হলো জনগণের বাংলাদেশ। জনগণকে সাথে নিয়েই বিএনপি পথ চলতে চায়। অবৈধ দখলদার, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদেরকে বিএনপি ছাড় দিবে না। আমি চাঁদাবাজদেরকে বিএনপি করতে দিবো না ইনশাআল্লাহ। এদের ছড়াই বিএনপি ভালো চলবে।’
উপস্থিত মহিলাদের উদ্দেশ্য করে নয়ন বলেন, ‘শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছেন। সমাজের যেসব নারীরা নির্যাতিত হতেন, সেই নির্যাতন বিরোধী একটি আইন প্রতিষ্ঠা করেছেন। যে আইনে সর্বোচ্চ শান্তি মৃত্যুদন্ড ও যাবতজীবন রেখে আইনটি পাশ করেছিলেন।’
এসময় চরফ্যাশন পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের সাড়ে তিন হাজার নারী ভোটারসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

