শফিকুল ইসলাম শফিক,সুনামগঞ্জ, প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের নিয়মিত চেকপোস্ট অভিযানে ১ হাজার ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও একটি প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) রাতে মধ্যনগর থানাধীন ০৪ নং মধ্যনগর সদর ইউনিয়নের মধ্যনগর ব্রিজের উত্তর পাশে চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন— মোঃ মোস্তাক আহমেদ (৩৬)। তিনি মৃত মজিবুর রহমানের পুত্র। তার বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার আমতৈল গ্রামে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম-এর দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোঃ ইউছুব আলীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স এ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে আটক করে দেহ তল্লাশি চালানো হলে আসামির পরিহিত পাঞ্জাবির নিচে কোমরে কালো কাপড় দিয়ে পেঁচানো অবস্থায় ১ হাজার ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
পরবর্তীতে রাত আনুমানিক ১০টার দিকে গ্রেপ্তারকৃত আসামিকে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় এসআই (নিরস্ত্র) মোঃ ইউছুব আলী বাদী হয়ে মধ্যনগর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণ অনুযায়ী, মধ্যনগর থানার মামলা নং-০৩, তারিখ-০৩/০২/২০২৬ খ্রিঃ; ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। মামলাটির তদন্তভার এসআই (নিরস্ত্র) নাজমুল ইসলামের ওপর অর্পণ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

