উজ্জ্বল কুমার,নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে ১৭ মাস বয়সী শিশুসন্তানকে বিষ খাইয়ে হত্যার পর মা নিজে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। এতে শিশুটির করুণ মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় মা সাহিদাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের পশ্চিম মীরাপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু আবু সাইদ ওই গ্রামের হারুন রশিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে হারুন রশিদ ও তাঁর স্ত্রী সাহিদার মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। বুধবার দুপুরে মেজাজ হারিয়ে সাহিদা প্রথমে তাঁর ১৭ মাস বয়সী শিশুপুত্র আবু সাইদকে বিষ খাইয়ে দেন। এর পরপরই তিনি নিজেও বিষপান করেন।
পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু আবু সাইদকে মৃত ঘোষণা করেন। সাহিদার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের তথ্যই উঠে এসেছে। তবে ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এবং তদন্ত শেষ হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

