উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ
নওগাঁ সদর উপজেলার নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গাত্মক গান গাওয়াকে কেন্দ্র করে ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে।
বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম আব্দুস সালাম, যিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
অভিভাবক ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, ঘটনার সময় শ্রেণিকক্ষে কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না। সেই সুযোগে কয়েকজন শিক্ষার্থী আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গাত্মক একটি গান গাইছিল। গানের শব্দ শুনতে পেয়ে সহকারী শিক্ষক আব্দুস সালাম শ্রেণিকক্ষে প্রবেশ করেন এবং ক্ষুব্ধ হয়ে বৈদ্যুতিক তার দিয়ে শিক্ষার্থীদের এলোপাতাড়ি মারধর করেন। এতে শ্রেণিকক্ষে উপস্থিত ২৩ জন শিক্ষার্থীর মধ্যে ১৭ জন আহত হয় বলে অভিযোগ উঠেছে।
শিক্ষার্থীদের দাবি, শিক্ষক আব্দুস সালাম আর্জেন্টিনা ফুটবল দলের কট্টর সমর্থক। প্রিয় দলকে নিয়ে ব্যঙ্গাত্মক গান গাওয়ায় তিনি মেজাজ হারিয়ে এ ন্যক্কারজনক ঘটনা ঘটান। এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়টি স্বীকার করে শিক্ষক আব্দুস সালাম বলেন, “শিক্ষার্থীদের এভাবে মারধর করা ঠিক হয়নি, এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। অভিভাবক এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সুরাহা করার চেষ্টা করছি।”
এ বিষয়ে নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ছানাউল হাবিব জানান, ঘটনাটি সম্পর্কে তিনি এখনো অবহিত নন। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে বিভাগীয় বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

