মো: আবদুল কাদের, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন সপ্তর্ষি কালচারাল একাডেমির উদ্যোগে বার্ষিক পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর হাতে পুরস্কার, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সোমবার (১ জুন) সকাল ১০টায় রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট শিব প্রসাদ নাথের সভাপতিত্বে এবং সুমা ভৌমিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেদী হাসান কাউছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৌহিদুল ইসলাম, জেড এম নাজমুল ইসলাম মিঠু, এবিএম জিলানী এবং নজরুল ইসলাম লিটন। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নৃত্যে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন করে রায়পুর উপজেলার সুনাম বয়ে আনা লতিকা নৃত্যালয়ের শিক্ষার্থী সম্পূর্ণা কুরী-কে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, “সপ্তর্ষি কালচারাল একাডেমি শুধু রায়পুর নয়, জাতীয় পর্যায়েও উপজেলার সুনাম বৃদ্ধি করেছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় স্বর্ণপদকসহ গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করে রায়পুরবাসীকে গর্বিত করেছে। সাংস্কৃতিক চর্চার এই ধারা অব্যাহত রাখতে উপজেলা প্রশাসনের সহযোগিতা সবসময় থাকবে।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ সংস্কৃতি চর্চা নতুন প্রজন্মকে সৃজনশীল, মানবিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সপ্তর্ষি কালচারাল একাডেমির কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।

