নিজস্ব প্রতিবেদক:
নিজেকে ‘মেজর জেনারেল’ পরিচয় দিয়ে পুলিশ কর্মকর্তাদের ফোন করে তদবির ও প্রভাব খাটানোর অভিযোগে মো. অপু (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পেশায় তিনি একজন গাড়িচালক।
পুলিশ জানায়, অপু বিভিন্ন সময় নিজেকে সেনাবাহিনীর মেজর জেনারেল পরিচয় দিয়ে থানায় ফোন করতেন। তিনি মামলার তদন্ত দ্রুত শেষ করা, আসামিদের গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার জন্য চাপ দিতেন।
সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলার বিষয়ে আদালতে তার আচরণ সন্দেহজনক মনে হলে বিচারক তার মোবাইল তল্লাশির নির্দেশ দেন। পরে মোবাইলে ‘মেজর জেনারেল মোহা. মোরশেদ’ নামে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি পাওয়া যায়।
তাৎক্ষণিকভাবে তাকে আটক করে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়। তিন দিনের রিমান্ড শেষে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত সুবিধা আদায় ও মামলা পরিচালনায় প্রভাব বিস্তারের জন্য তিনি দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় ব্যবহার করে আসছিলেন।

