মোঃ জুয়েল মন্ডল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরকে মাদকমুক্ত করতে থানা পুলিশ কঠোর অভিযান শুরু করেছে। শহরের অলিগলি ও পাড়া-মহল্লায় দিন-রাত তল্লাশি চালিয়ে চিহ্নিত মাদক কারবারি ও তাদের সাহায্যকারীদের ধরা হচ্ছে। পুলিশের এই পদক্ষেপে এলাকার মানুষের মনে স্বস্তি ও আশা ফিরে এসেছে।
গত দুই দিনে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১২ জন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
অভিযান নিয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম (রেজা) জানান, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে যেকোনো সময় এই অভিযান চলবে। মাদক কারবারি বা তাদের সহযোগীদের কোনো ছাড় দেওয়া হবে না। তবে সমাজকে পুরোপুরি মাদকমুক্ত করতে সাধারণ মানুষের সাহায্য খুব দরকার। সঠিক তথ্য দিয়ে পুলিশকে সাহায্য করার জন্য তিনি সবাইকে অনুরোধ জানান।
পুলিশের এই কঠোর পদক্ষেপকে শহরের সব স্তরের মানুষ স্বাগত জানিয়েছেন। স্থানীয় গুণীজন ও অভিজ্ঞ সাংবাদিকেরা বলেন, মাদক অনেক পরিবারের শান্তি নষ্ট করছে এবং তরুণদের ভবিষ্যৎ শেষ করে দিচ্ছে। এমন অবস্থায় পুলিশের এই উদ্যোগ সবাইকে আশাবাদী করেছে।
তবে সচেতন মানুষের মতে, শুধু পুলিশের ওপর ভরসা না করে সামাজিকভাবেও সচেতন হতে হবে। মাদক দূর করতে প্রতিটি পাড়া-মহল্লায় স্থানীয়দের নিয়ে ‘মাদকবিরোধী প্রতিরোধ কমিটি’ গড়ে তোলার পরামর্শ দিয়েছেন তারা।
পুলিশ জানিয়েছে, যিনি মাদকের তথ্য দেবেন, তাঁর নাম-পরিচয় গোপন রাখা হবে। নাম প্রকাশ না করে বা ফোনে কল দিয়েও পুলিশকে তথ্য দেওয়া যাবে।
মাদকের অপরাধীদের সঠিক বিচার নিশ্চিত করতে সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের সাজা বা জামিনের বিষয়টি আদালতের হলেও, অপরাধ প্রমাণে আদালতে সাক্ষী দেওয়া এবং আইনি কাজে পুলিশকে সাহায্য করা প্রয়োজন।
সৈয়দপুরের মানুষের বিশ্বাস, পুলিশ ও জনগণ এক হয়ে কাজ করলে খুব দ্রুতই একটি মাদকমুক্ত ও সুন্দর সৈয়দপুর গড়ে তোলা সম্ভব হবে।

