সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ২১ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৬ আগস্ট ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া এবং মহাসচিব মো. শফিকুল ইসলাম বাবু স্বাক্ষরিত এক পত্রে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে বীর মুক্তিযোদ্ধার সন্তান শাহ সিরাজ কুতুবীকে সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. জিয়াউর রহমানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় কমিটির পত্রে আগামী তিন মাসের মধ্যে জগন্নাথপুর উপজেলার অধীন সকল ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া সুনামগঞ্জ জেলা ও কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করে সংগঠনের গঠনতন্ত্র মেনে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। পত্রে আরও উল্লেখ করা হয়, সংগঠনের গঠনতন্ত্র বা রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িত থাকলে কমিটি সরাসরি বাতিল বলে গণ্য হবে। এই কমিটির মেয়াদকাল এক বছর নির্ধারণ করা হয়েছে এবং সদস্য বৃদ্ধি বা পরিবর্তনের সমস্ত ক্ষমতা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল সংরক্ষণ করে।
একই সঙ্গে পত্র জারির ১৫ দিনের মধ্যে জাঁকজমকপূর্ণ পরিচিতি সভা আয়োজন এবং স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাথে সৌজন্য সাক্ষাতের নির্দেশ দেওয়া হয়েছে।
নবনির্বাচিত সভাপতি শাহ সিরাজ কুতুবী বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করেই আমরা কাজ করব। আমাদের পিতারা দেশের জন্য জীবন বাজি রেখেছিলেন। তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করে ‘মানব সেবাই আমাদের উদ্দেশ্য’ এই স্লোগান বাস্তবায়নে আমরা সবাই একযোগে কাজ করব।”
সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান বলেন, “কেন্দ্রীয় কমিটির প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের ওপর যে আস্থা রাখা হয়েছে, তার যথাযথ মর্যাদা দেবো। আগামী তিন মাসের মধ্যে সব ইউনিয়নে কমিটি গঠন করে তৃণমূল পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করব। মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণ এবং এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হবে আমাদের প্রধান কাজ।”

