সিরাজুল ইসলাম, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার স্পন্দন সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইকতারুল ইসলাম, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, গণঅধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক সার্জেন্ট সোলাইমান চৌধুরী, জুলাই যুদ্ধে নিহত শহিদ মাসরুরের ভাই মাওলানা আব্বাস হোসেন ও জুলাই যোদ্ধা আকতার হোসেন প্রমুখ। আলোচনা শেষে জুলাই যুদ্ধে নিহত সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ, চট্টগ্রামে মোহাম্মদ ওয়াসিম আকরামসহ কমপক্ষে ৬ জন শহিদ হন। রংপুরে দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে বুক পেতে দেওয়া শহিদ আবু সাঈদের সেই সাহসিকতার দৃশ্য গণতন্ত্রকামী জনগণের মনে তীব্র ক্ষোভের সঞ্চার করে। কোটা সংস্কারের দাবি থেকে শুরু হওয়া সেই আন্দোলন পরবর্তীতে স্বৈরাচার পতনের গণঅভ্যুত্থানে রূপ নেয়, যার ধারাবাহিকতায় স্বৈরাচারী সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়।

