মো: আবদুল কাদের, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
পরিবার পরিকল্পনা ও মা–শিশু স্বাস্থ্যসেবায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদের পুরস্কার পেয়েছে রায়পুর উপজেলা পরিষদ। গত রবিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের কাছ থেকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন রায়পুর উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জিয়াউল কাদের।
অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা সেবায় বিশেষ অবদানের জন্য আরও ৮ ক্যাটাগরিতে ৮ প্রতিষ্ঠান ও কর্মীকে শ্রেষ্ঠ হিসেবে পুরস্কৃত করা হয়। এরা হচ্ছে–রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী অর্চনা রানী দাস, রায়পুরের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আলী হায়দার, লক্ষ্মীপুর সদরের দিঘনী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা মারজাহান আক্তার, লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মাকছুদুর রহমান ভুঁইয়া, রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, চরশাহী ইউনিয়ন পরিষদ ও মা ও শিশু কল্যাণ কেন্দ্র, লক্ষ্মীপুর। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘ তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয় সুন্দর আগামী গড়ি ’।
পরিবার পরিকল্পনা লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক নাজমুল হাসানের সভাপতিত্বে ও রায়পুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা সিভিল সার্জন ডা. মো. আবু হাসান শাহীন ও রায়পুর উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার।
স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. জুনায়েদ আহমেদ মারুফ। প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহবুব হাসান ভূঞা। মাল্টি মিডিয়ার মাধ্যমে লক্ষ্মীপুর জেলায় পরিবার পরিকল্পনার সার্বিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন পরিবার পরিকল্পনা লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক নাজমুল হাসান।

