ঢাকারবিবার , ১২ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

এমপিকে নিতে মাঝনদী থেকে ফিরল ফেরি, যাত্রীদের তীব্র ক্ষোভ

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ১২, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাকের হোসেন, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

​নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়া ফেরি ‘মহানন্দা’ মাঝনদী থেকে পুনরায় ঘাটে ফিরে এসেছে। স্থানীয় সংসদ সদস্য (এমপি) আব্দুল হান্নান মাসউদকে তুলে নিতে ফেরিটি ফিরিয়ে আনার ঘটনায় সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

​শনিবার (১১ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। ফেরিটি ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দার মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম।

​প্রত্যক্ষদর্শী ও যাত্রী সূত্রে জানা যায়, নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৩টায় চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে ফেরি মহানন্দা নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। ফেরিটি ঘাট থেকে ছেড়ে যাওয়ার প্রায় ২৩ মিনিট পর নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ ঘাটে এসে পৌঁছান। এমপি নদী পার হয়ে হাতিয়া যাওয়ার জন্য ফেরি কর্তৃপক্ষকে নির্দেশ দিলে মাঝনদী থেকে ফেরিটি পুনরায় ঘাটে ফিরিয়ে আনা হয়। পরে এমপি ও তাঁর সফরসঙ্গীরা ফেরিতে উঠলে ফেরিটি আবার নলচিরা ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করে।

​এ ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা বলেন, ‘বৈরী আবহাওয়ার মধ্যে এমনিতেই আতঙ্ক নিয়ে নদী পার হচ্ছিলাম, তার ওপর এমপির ক্ষমতার দাপটে আমাদের দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হলো। ফেরিটি মাঝপথ থেকে ফিরে আসায় আমাদের মূল্যবান সময় নষ্ট হয়েছে। আবহাওয়া খারাপ হলে ফেরিটি ঘাটে না এসে আমাদের বড় ধরনের বিপদেও পড়তে হতো।’

​ঘাট ইজারাদারের প্রতিনিধি জহির বলেন, ফেরি ছাড়ার প্রায় ২৩ মিনিট পর এমপির নির্দেশে ফেরিটি পুনরায় ঘাটে ফিরিয়ে আনা হয়।

​বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ফেরি মহানন্দার মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম বলেন, ‘ফেরি ছাড়ার আনুমানিক ১০ মিনিট পর এমপির জন্য ফেরিটি ঘাটে ফিরে আসে। ভিআইপিদের ক্ষেত্রে এমন কিছু নিয়ম অনুসরণ করতে হয়।’

​ফেরি মাস্টার নুরুল আমীন জানান, ফেরি ছাড়ার পর মেরিন ইঞ্জিনিয়ার তাকে নির্দেশনা দিলে তিনি বাধ্য হয়ে ফেরিটি ঘুরিয়ে ঘাটে নিয়ে আসেন।

​একজন নির্বাচিত জনপ্রতিনিধির জন্য চলমান ফেরি মাঝপথ থেকে ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে বক্তব্য জানতে এমপি আব্দুল হান্নান মাসউদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

Don`t copy text!