মো: আবদুল কাদের, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের মধ্য সাগরদী জামে মসজিদের সামনে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দুপুর ২টায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
এছাড়া উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, বামনী ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন সুপার, সাধারণ সম্পাদক বাহারুল আলম, বিএনপি নেতা বেল্লাল হোসেন, রোটারিয়ান কামরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক শান্ত ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি আমির হোসেন চুট্টসহ শতাধিক স্থানীয় বাসিন্দা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ র্যালি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময়
বক্তারা সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও কিশোর গ্যাং নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সভায় বামনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহারুল আলম বলেন, “যে কোনো মূল্যে বামনী ইউনিয়নকে মাদকমুক্ত করা হবে। মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।” সাধারণ শিক্ষার্থী আহাদ বক্তব্যে বলেন, “একজন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ৩০টিরও বেশি মামলা থাকার পরও কীভাবে তিনি বারবার জামিন পান, তা সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ।
মাদক ব্যবসায়ীরা যেন সহজে জামিন না পায়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য তিনি সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন।” সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া উপস্থিত জনসাধারণের উদ্দেশে বলেন, “মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। সমাজকে মাদকমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি জনগণেরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।”
তিনি রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়ে বলেন, গ্রেপ্তার হওয়া মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং কোনোভাবেই তারা যেন আইনের ফাঁকফোকর ব্যবহার করে পার পেয়ে যেতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে। বক্তারা বলেন, মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে রাজনৈতিক দল, প্রশাসন এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগই পারে ইতিবাচক পরিবর্তন আনতে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

