বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার, র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর পঞ্চশক্তি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির নবনির্বাচিত সভাপতি আলহাজ মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগাব এবং অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করব। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।’
খামারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু ও খামারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কায়কোবাদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খামারকান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান শাহিন, সাংগঠনিক সম্পাদক আ. মমিন, ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাক আহম্মেদ, জিয়া পরিষদ শেরপুর উপজেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফ উদ্দীন, ঝাঁজর পঞ্চশক্তি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান ফারুক, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, মোজাফফর আলী, ফরহাদ হোসেন লাভলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।
কর্মসূচির শুরুতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয় এবং পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং নতুন প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তুলতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

