নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে এক আওয়ামী লীগ নেতাকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার বিনিময়ে ৩ কোটি টাকা দাবির তথ্য ফাঁস করার জেরে ছাত্রদল নেতা আব্দুল গাফফারের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড় দেইল গ্রামে গাফফারের পৈতৃক বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুল গাফফার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। ৫ আগস্টের পর তিনি হান্নান মাসউদের রাজনৈতিক সহচর হিসেবে দেড় মাস দায়িত্ব পালন করেন।
অভিযোগ ও প্রেক্ষাপট:
আব্দুল গাফফার অভিযোগ করেন, “সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে বিমানবন্দর পৌঁছে দেওয়ার কথা বলে হান্নান মাসউদ ৩ কোটি টাকা দাবি করেছিলেন। বিষয়টি আমি গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁনকে জানাই। পরবর্তীতে রাশেদ খাঁনের ফেসবুক স্ট্যাটাসটি আমি আমার ওয়ালে শেয়ার করলে হান্নান মাসউদ ও তার অনুসারীরা আমার ওপর ক্ষিপ্ত হন।”
গাফফার আরও জানান, ঘটনার পর থেকেই এনসিপি কর্মীরা তাকে হুমকি দিয়ে আসছিল। বৃহস্পতিবার রাতে হামলার সময় দুর্বৃত্তরা তার বাড়ির জানালা ও প্রধান ফটক ভাঙচুর করে। এ সময় বাড়িতে অবস্থানরত তার বৃদ্ধ বাবা-মা চরম আতঙ্কের মধ্যে ছিলেন।
পাল্টা অভিযোগ ও প্রতিক্রিয়া:
হাতিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেন, “আমি নিজেই বর্তমানে নিরাপত্তার সংকটে আছি। আমার বাড়িতেই হামলার ঘটনা ঘটছে, সেখানে আমি অন্য কারো বাড়িতে হামলার পরিকল্পনা করব—এটি সম্পূর্ণ ভিত্তিহীন। আমাকে হেয় করার জন্য এটি একটি সাজানো নাটক।”
অন্যদিকে, হাতিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক সামছুল কিবরিজ বলেন, “গাফফার নিজেই এ অভিযোগ তুলেছে। আমরা মনে করি, আলোচনার কেন্দ্রে থাকার জন্য তারা নিজেরাই এটি ঘটিয়ে থাকতে পারে।”
পুলিশের বক্তব্য:
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ির একটি জানালার কাচ ভাঙা অবস্থায় পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

