মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় একটি স্টিল ওয়ার্কশপে লোহার গ্রিল মাথায় পড়ে রাকিব হাসান (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়া কান্দা নতুন বাজার এলাকার মদিনা স্টিল ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব হাসান মধ্য ধাতুয়া কান্দা গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাবার সঙ্গে বাজারে ময়দা কিনতে যায় রাকিব। পরে তার বাবা তাকে বাড়িতে পাঠিয়ে দেন। বাড়ি ফেরার পথে বাজারের একটি স্টিল ওয়ার্কশপে রাখা লোহার গ্রিল ধরে খেলতে শুরু করে সে। একপর্যায়ে গ্রিলটি তার মাথার ওপর পড়ে গুরুতর আহত হয় রাকিব।
পরে স্থানীয়রা দ্রুত তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কামালের বার্তী পুলিশ তদন্ত কেন্দ্র-এর ইনচার্জ রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

