শফিকুল ইসলাম সাফিক, সুনামগঞ্জ প্রতিনিধি:
মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, গুজব, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের মধ্যনগর থানায় বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মধ্যনগর উপজেলার ১ নম্বর উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মহিষখলা বাজারে স্থানীয় বিটের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শাহাবুদ্দিন শাহিন (পিপিএম) বলেন, “পুলিশ একা সমাজ থেকে অপরাধ নির্মূল করতে পারবে না। অপরাধ দমনে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সঠিক তথ্য প্রদান জরুরি। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। সমাজকে নিরাপদ রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে ১ নম্বর উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন বলেন, “আমরা যদি এখনই সচেতন না হই, তবে ভবিষ্যৎ প্রজন্ম মাদকাসক্তির কবলে পড়বে। মাদক একটি পরিবার নয়, বরং পুরো সমাজকে ধ্বংস করে দেয়। চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধের মূল কারণ মাদক। তাই যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর নবী তালুকদার। বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণ ও পুলিশের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে উঠলে আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি সম্ভব।
সভায় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। সভা শেষে উপস্থিত সকলে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

