এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি শামীমা আফরোজ মার্লিজের সভাপতিত্বে সভায় প্রধান অংশীজনরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন— কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাসিকো।
এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, চিকিৎসক, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মাদক, জুয়া, ইভটিজিং, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাং এবং চুরি-ডাকাতি প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এসব সামাজিক অপরাধ দমনে আইন-শৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানানো হয়।
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কটিয়াদী উপজেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে খামারি ও ব্যবসায়ীদের গরু চুরি রোধ, গবাদি পশুর হাটে জালিয়াতি বন্ধ, বাজার মনিটরিং এবং ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
সভাপতির বক্তব্যে শামীমা আফরোজ মার্লিজ বলেন, “উপজেলার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। ঈদকে সামনে রেখে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।”

