বেলাল আহমদ, লামা (বান্দরবান):
বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে আব্দুল ওয়াদুদ সায়েম (১৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মিনঝিরি সাদা পাহাড় সংলগ্ন ‘হোয়াইট পিক স্টেশন’ রিসোর্টের সামনে নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ সায়েম চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার কদল ভুঁইয়া বাড়ির মোহাম্মদ ছায়েফ উল্ল্যার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ‘হোয়াইট পিক স্টেশন’ রিসোর্টে ৬ জনের একটি পর্যটক দল ঘুরতে আসেন। তারা রিসোর্টে নিজেদের ব্যাগ ও প্রয়োজনীয় জিনিসপত্র রেখে পাশেই মাতামুহুরী নদীতে গোসল করতে নামেন। বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে গোসল করার একপর্যায়ে সায়েম নদীর স্রোতে তলিয়ে নিখোঁজ হন।
রিসোর্ট মালিক আজিম জানান, পর্যটকরা গোসল করতে নামার কিছুক্ষণ পরই একজন নিখোঁজ হওয়ার খবর পান তিনি। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে লামা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
লামা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. আবদুল্লাহ জানান, “আমরা সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেছি। নিখোঁজ পর্যটককে উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।”
শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ পর্যটকের কোনো সন্ধান মেলেনি।

