মোঃ জাকের হোসেন, হাতিয়া উপজেলা প্রতিনিধি
ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রীকে হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লঞ্চে ধর্ষণের ঘটনায় সাকিব উদ্দিন ও নুরুজ্জামান মিঠু নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের সর্বোচ্চ বিচারের দাবিতে নোয়াখালীর হাতিয়ায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ওছখালী বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গত রোববার হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের বাসিন্দা ওই ছাত্রী তার বাবার সাথে ঢাকার উদ্দেশ্যে হাতিয়ার তমরদ্দি ঘাটে গিয়ে লঞ্চে উঠে। তাকে লঞ্চের ৩২৮ নং কেবিনে তুলে দিয়ে বাড়ি ফিরে যান তার বাবা। এর কিছুক্ষণ পর নিজেদের একই এলাকার পরিচয় দিয়ে আটককৃত অভিযুক্ত ২ যুবক জানান ওই ছাত্রীর বাবার সাথেও তাদের ভালো সম্পর্ক রয়েছে। কথোপকথন এর একপর্যায়ে অভিযুক্তরা ঢাকায় মোটরসাইকেল কিনতে যাচ্ছে এবং তাদের সাথে যে টাকা রয়েছে সেগুলো কেবিন ছাড়া রাখা নিরাপদ নয় বলে ছাত্রীকে জানান। পরে তারা টাকাগুলো ওই ছাত্রীর কাছে রেখে যান। রাতে ওই দুই যুবক পুনরায় কেবিনে আসেন এবং ছাত্রীর সাথে আলাপচারিতার এক পর্যায়ে কেবিনের লাইট অফ করে একজন বাইরে গিয়ে দরজা লাগিয়ে দেন এবং একজন ভিতরে জোরপূর্বক ওই ছাত্রীকে ধর্ষণ করে। কিছুক্ষণ পর ভিতরে থাকা ওই যুবক বেরিয়ে আসলে বাইরে থাকা যুবক ভিতরে ঢুকে তাকে ধর্ষণ করে। পরদিন সোমবার এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রী কোতোয়ালি থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত দুইজন হাতিয়ার উপজেলা এনসিপির রাজনীতির সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

