নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকায় চলতি মৌসুমে প্রথমবারের মতো তাপপ্রবাহ শুরু হয়েছে। বুধবার ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করছে। আবহাওয়াবিদরা বলছেন, রাতের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দিনে গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, খুলনা, পাবনা ও রাজশাহীতেও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে বাগেরহাটে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এ কারণেই দিনে গরম বেশি অনুভূত হচ্ছে।
তিনি আরও বলেন, আগামী দুই দিন এ ধরনের গরম অব্যাহত থাকতে পারে। তবে দেশের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ইতোমধ্যে ময়মনসিংহ ও টাঙ্গাইলের কয়েকটি এলাকায় বৃষ্টি হয়েছে। রাজধানীতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

