বাইজিদ মন্ডল দক্ষিণ ২৪ পরগনা:-
প্রতি বছরের মতো এ বছরও পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে মানবতা সংস্থার উদ্যোগে রমজান তোহফা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন সংস্থার পক্ষ থেকে দরিদ্র পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সম্বলিত রমজান তোহফা কিট তুলে দেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি তোহফা কিটে ১০ রকমের খাদ্যদ্রব্য রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে খেজুর, ছোলা, চিনি, মুড়ি, চানাচুর, দুধ, চা, আলু, পেঁয়াজ ও লবণ। প্রয়োজনীয় এই খাদ্যসামগ্রী পেয়ে অসহায় পরিবারগুলির মুখে স্বস্তি ও আনন্দের ছাপ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতা সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার আলি পিয়াদা, কুলপি বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদার,ঢোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান নিশিকান্ত হালদার, পূর্বস্থলী (বর্ধমান) থেকে আগত সমাজকর্মী সেখ কামাল উদ্দিন, লক্ষ্মীনারায়ণপুর বি.এইচ.এম হাই স্কুল (উ:মা:)-এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেখ সামসুদ্দোহা, শিক্ষক সুপ্রতীম রায়,শিক্ষক আব্দুল মান্নান মোল্লা,আবুল হোসেন কয়াল, গ্রামীণ চিকিৎসক মইমুর মিস্ত্রী, গ্রাম সদস্য নুর আলম নাইয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহাবুদ্দিন নাইয়া।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আনুষ্ঠানিক বিতরণ কর্মসূচি এদিন অনুষ্ঠিত হলেও সংস্থার তত্ত্বাবধানে থাকা এতিম পরিবারগুলোর হাতে প্রতি বছরের ন্যায় আগেই রমজান তোহফা কিট পৌঁছে দেওয়া শুরু হয়েছে। রমজান উপলক্ষে তোহফা বিতরণের পাশাপাশি মানবতা সংস্থা একাধিক সামাজিক কর্মসূচিও গ্রহণ করেছে। ইতিমধ্যে উত্তরবঙ্গের ময়নাগুড়ি -তে ইহসন ইয়ুথ ফাউন্ডেশন -এর সঙ্গে যৌথ উদ্যোগে আসন্ন ঈদ উপলক্ষে পোশাক বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও শীঘ্রই পোশাক বিতরণ কর্মসূচি আয়োজন করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিন কুলপি বিধানসভার বিধায়ক যোগোরঞ্জন হালদার মানবতা সংস্থার এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়। ভবিষ্যতেও এই উদ্যোগের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার আলি পিয়াদা জানান,শিক্ষা,স্বাস্থ্যসহ বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা নিয়ে সারা বছর মানুষের পাশে থাকার চেষ্টা করে মানবতা। পবিত্র রমজান মাসে বহু অসহায় মানুষ খাদ্যকষ্টে দিন কাটান। তাদের পাশে দাঁড়ানো এবং মুখে সামান্য হাসি ফোটাতেই এই উদ্যোগ বলে তিনি উল্লেখ করেন। একইসঙ্গে সমাজের সহৃদয় মানুষদের এই ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
রমজান তোহফা কিট হাতে পেয়ে উপকৃত মানুষজনের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনেকেই সংস্থার এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দু’হাত তুলে দোয়া করেন।

