মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি
ইতালির ভেনিসে ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইতালি বিএনপি। স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এই প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সংগঠনের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. তৌহিদ কাদেরের পরিচালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম। এতে বলা হয়, প্রবাসের মাটিতে একজন নারী, মুক্তচিন্তার প্রতীক এবং গণআন্দোলনের বীর কর্মীর ওপর এ ধরনের ঘৃণ্য হামলা অত্যন্ত নিন্দনীয় ও কাপুরুষোচিত। ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লবে স্বৈরাচারের পতনের পরও প্রবাসে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের এ ধরনের অপতৎপরতা প্রমাণ করে যে তারা এখনো হিংসাত্মক রাজনীতি থেকে সরে আসেনি।
সংবাদ সম্মেলনে ইতালির স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের জোর দাবি জানানো হয়, যাতে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থার আওতায় আনা যায়। একই সাথে আজমেরী হক বাঁধন ও তাঁর পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইতালি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রবাসের মাটিতে প্রতিটি নাগরিকের নিরাপদে বসবাস ও শান্তিপূর্ণভাবে মতামত প্রকাশের অধিকার রয়েছে। ফ্যাসিবাদী চক্রের কোনো ধরনের হুমকি বা সহিংসতা প্রবাসের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারবে না।
এ সময় উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সহসভাপতি সাজ্জাদুল কবির, মইনুল আলম খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গনি, সাংগঠনিক সম্পাদক কওসার আহমেদ তাজুলসহ রোম মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

