মেহেদী হাসান, রাঙামাটি জেলা প্রতিনিধি :
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মুহাম্মাদ জসিম উদ্দীন ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।
আজ বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) ২৯৯ রাঙামাটি সংসদীয় আসনের আওতায় বাঘাইছড়ি উপজেলা বাজার, মুসলিম ব্লক, আমতলীসহ বিভিন্ন এলাকায় তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। গণসংযোগকালে তিনি এলাকাবাসীর খোঁজখবর নেন, কুশল বিনিময় করেন এবং দোয়া কামনা করেন।
এ সময় সংক্ষিপ্ত পথসভায় আলহাজ্ব মুহাম্মাদ জসিম উদ্দীন বলেন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। জনগণের সমর্থন ও দোয়াই তাঁর সবচেয়ে বড় শক্তি বলে তিনি উল্লেখ করেন।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক মৃধা, জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, বাঘাইছড়ি উপজেলা সভাপতি মুহাম্মাদ কুতুব উদ্দীনসহ দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এলাকাবাসী গণসংযোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেন।

