মো: আতাউর রহমান সরকার, মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৯১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশের একটি চৌকস টিম।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নের ফতেপুর উত্তর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ জনি খান (১৯টি মামলার আসামি ও ৪টি গ্রেফতারি ওয়ারেন্টভুক্ত) এবং পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ ইমরুল হোসেন প্রধান (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি রাত ১০টা ৫০ মিনিটে এএসপি সার্কেল জাবির হুসনাইন সানীব-এর নেতৃত্বে এসআই মোঃ জাফর, এসআই মোঃ মিজানুর রহমান–২, মোঃ রবিউলসহ পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পূর্ব ফতেপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফতেপুর উত্তর পাড়ায় মোঃ ইমরুল হোসেন প্রধানের বসতঘরের ড্রয়িংরুম থেকে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। পরে তল্লাশিতে জনি খানের কাছ থেকে ১২টি বায়োরোধক জিপারযুক্ত পলিব্যাগে রাখা ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৬০ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা।
অপরদিকে, ইমরুল হোসেন প্রধানের কাছ থেকে উদ্ধার করা হয় ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ৩১ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৯৩ হাজার টাকা।
সব মিলিয়ে অভিযানে উদ্ধার করা ইয়াবার সংখ্যা ৯১০ পিস, মোট ওজন ৯১ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৭৩ হাজার টাকা।
এ ঘটনায় মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

