মো: আতাউর রহমান সরকার | মতলব উত্তর প্রতিনিধি।
মানবতার কল্যাণে মাদার তেরেসার আদর্শ শীর্ষক আলোচনা সভা ও মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কৃষি ক্ষেত্রে বিশেষ ও দীর্ঘমেয়াদি অবদানের স্বীকৃতিস্বরূপ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী (ইকবাল)-কে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬ প্রদান করা হয়।
রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইবাইস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ মো. কাশেম হোসেন, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মতিন সরকার, তাজ ফুডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইব্রাহিম দুলাল, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মফিজুর রহমান খান বাবু, মেজর (অব.) প্রকৌশলী কামাল, অ্যাডভোকেট মো. মনির হোসেন, গোলাম ফারুক মজুমদারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বর্তমানে কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী (ইকবাল) বাংলাদেশ সীড অ্যাসোসিয়েশনের পরিচালক (প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি অবসরপ্রাপ্ত বিসিএস (কৃষি) অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং মতলব উত্তর কৃষি উদ্যোক্তা পরিষদের উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন।
তিনি মতলব উত্তর উপজেলায় কৃষি ও কৃষকের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন। এ লক্ষ্যে তিনি মেঘনা–ধনাগোদা সেচ প্রকল্পে অনিয়ম ও দায়িত্বে অবহেলার বিরুদ্ধে সোচ্চার অবস্থান, সময়মতো সেচের পানি সরবরাহ নিশ্চিতকরণ, সেচ নালা সংস্কার, কৃষিজমি রক্ষা, অনুমোদন ছাড়া বাড়ি–ঘর, রাস্তা ও ব্রিজ–কালভার্ট নির্মাণ বন্ধ, এবং সঠিক সময় ও ন্যায্য মূল্যে কৃষকের বীজ, সার ও কীটনাশক প্রাপ্যতা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট চৌধুরী আব্দুর রহমান, উপদেষ্টা, মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল। স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব এম এইচ আরমান চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আর কে রিপন, ভাইস চেয়ারম্যান, মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল।
বক্তারা বলেন, মানবতার সেবায় মাদার তেরেসা যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা আজও সমাজের জন্য অনুকরণীয়। তার আদর্শ ধারণ করে কৃষি, কৃষক ও মানবকল্যাণে আরও নিবেদিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে মানবসেবায় বিশেষ অবদান রাখায় বিশিষ্ট ব্যক্তিবর্গের হাতে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬ তুলে দেওয়া হয়। একই সঙ্গে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

