মোঃ মাসুদ রানা,কচুয়াঃ
পবিত্র কুরআনের হাফেজদের সম্মাননা, শিক্ষার অগ্রযাত্রা ও নতুন প্রজন্মকে দ্বীনি শিক্ষায় উৎসাহিত করতে ব্যতিক্রমী এক আয়োজনের সাক্ষী হলো চাঁদপুরের কচুয়ায়। উপজেলার বুরগী সা’দ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান, বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ এবং সবক উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত হলো সুধী সমাবেশ ও আলোচনা সভা।
শনিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানটি পরিণত হয় এক উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে। পবিত্র কুরআনের হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান আলোচক ও সবক উদ্বোধক জামিয়া ইসলামিয়া আহমদিয়া কচুয়া মাদ্রাসার মহাপরিচালক আবু হানিফ। এ সময় তিনি বলেন, “হাফেজে কুরআনরা সমাজের আলোকবর্তিকা। তাদের সম্মান দেওয়া মানে কুরআনের সম্মান বৃদ্ধি করা।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মাকসুদ আলী। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন জহির রায়হান ও মাদ্রাসার শিক্ষক হাফেজ মুহাম্মদ তারেক আজিজ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ শরফুদ্দিন মিয়া। তিনি বলেন, “দ্বীনি ও নৈতিক শিক্ষা ছাড়া আদর্শ সমাজ গঠন সম্ভব নয়। এই মাদ্রাসার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কচুয়া থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন, সমাজসেবক তাবারুক উল্লাহ, সা’দ ইন্টারন্যাশনাল মাদ্রাসার অধ্যক্ষ উমর ফারুক মাহমুদ আজহারী, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মাস্টার মোঃ গোলাম ছারোয়ার, মাস্টার ইব্রাহীম খলিল, উপাধ্যক্ষ ইসমাইল হোসেন সিরাজী এবং কৈলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুকসহ আরও অনেকে।
বক্তারা মাদ্রাসার সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে হাফেজ শিক্ষার্থীদের মাঝে পাগড়ি, সনদ, টেস্ট সম্মাননা প্রদান করা হয়। পুরো আয়োজনজুড়ে ছিল আনন্দ, গর্ব ও আত্মিক প্রশান্তির আবহ—যা উপস্থিত সুধীজন ও অভিভাবকদের হৃদয় ছুঁয়ে যায়। এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, বরং কুরআনের আলোয় মানবিক ও নৈতিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

