নারায়নগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ আদালতপাড়ায় বিচারপ্রার্থী একব্যাক্তি ও তার পরিবারের সদস্যদের উপর মারধরের ঘটনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
হামলার শিকার রাজিয়া সুলতানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান (৫০), সাত্তারের ছেলে ইসমাইল (৪৬), হিরন (৩৮), শাহআলম (৪৮), টিটু (৫০), রাসেল ব্যাপারী (৩৫), অ্যাডভোকেট খোরশেদ আলম (৪০), অ্যাডভোকেট আল আমিন (৩৯), অ্যাডভোকেট বিল্লাল হোসেন (৩৮) এবং অজ্ঞাত ৪/৫ জন।
বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার।
এ বিষয়ে মামলার বাদী রাজিয়া সুলতানা জানান, ‘থানা থেকে আমাকে ফোন করে জানানো হয়েছে যে মামলাটি নেওয়া হয়েছে। আমরা থানা থেকে মামলার কপিটি সংগ্রহ করেছি।’
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মো. জসিম উদ্দিন জানান, ‘এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।’
এর আগে মামলার বাদী রাজিয়া সুলতানার স্বামী ইরফান মিয়া (৪২) গত রোববার একটি মামলার শুনানিতে অংশ নিতে আদালতে গেলে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের জুনিয়র আইনজীবী ও মুহুরিরা তাঁর ওপর হামলা চালান বলে গনমাধ্যমকে জানান। এতে তিনি আরও জানান, ঘটনায় আহত হন মো. ইরফান মিয়া, তাঁর স্ত্রী রাজিয়া সুলতানা (৩৮) ও তাঁদের দুই সন্তান।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়। রাতেই রাজিয়া সুলতানা বাদী হয়ে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন।
এদিকে, এই হামলার ঘটনার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। আসন্ন নির্বাচনকে ঘিরে তাঁর ক্লিন ইমেজকে নষ্ট করতে এই ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

