মোঃ জাকের হোসেন, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিডিএসপি বাজার সংলগ্ন এলাকার আবু সুফিয়ান লিভারের জটিল রোগ ও প্যারালাইসিসে আক্রান্ত হয়ে গত তিন মাস ধরে মানবেতর জীবনযাপন করছেন।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আবু সুফিয়ান একসময় রিকশা চালিয়ে স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ করতেন। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তার আয়ের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বর্তমানে নিজের ব্যয়বহুল চিকিৎসা এবং পরিবারের নিত্যদিনের খাবার জোগাতে চরম অসহায় অবস্থার মুখোমুখি হয়েছেন তিনি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, অর্থাভাবের কারণে তার নিয়মিত ওষুধ ও চিকিৎসাসেবা চালানো সম্ভব হচ্ছে না।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবিক হাতিয়া’র সভাপতি ডা. জসীমউদ্দীন জানান, অর্থাভাবে ধুঁকতে থাকা আবু সুফিয়ান উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান। তিনি সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।
অসহায় এই পরিবারের পাশে দাঁড়াতে এবং তাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

