শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ প্রতিনিধি
চিকিৎসার অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মরহুম শফিকুল ইসলামের কন্যা মোসা. আকলিমা খাতুন লাকী। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত তাঁর উন্নত চিকিৎসার জন্য প্রায় ৩০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু দীর্ঘ দিন ধরে ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে স্বামী ও দুই সন্তান নিয়ে পরিবারটি আজ সম্পূর্ণ নিঃস্ব।
আকলিমার স্থায়ী ঠিকানা ঝিনাইদহ জেলার মহেশপুর থানার সস্তা নতুনপাড়া গ্রামে। জীবিকার তাগিদে বর্তমানে তিনি পরিবার নিয়ে ঢাকার মুগদা থানার মানিকনগর বালুর মাঠ এলাকার জেএস টাওয়ারের (বাসা নং- ৭৫/৫/১) একটি ভাড়া বাসায় বসবাস করছেন।
কান্নাজড়িত কণ্ঠে আকলিমা বলেন, “আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, দেশের জন্য যুদ্ধ করেছিলেন। আজ আমি দুই ছেলে আর স্বামী নিয়ে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি। ডাক্তার বলেছেন দ্রুত অপারেশন ও কেমোথেরাপি করাতে হবে, যার জন্য প্রায় ৩০ লাখ টাকা প্রয়োজন। আমরা গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো?”
তিনি আরও বলেন, “আমি দেশবাসীর কাছে, প্রবাসী ভাইবোনদের কাছে, সমাজের বিত্তবানদের প্রতি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এবং সারাদেশের সকল মুক্তিযোদ্ধা সংগঠনের কাছে হাত জোড় করে সাহায্য চাই। আপনারা আমাকে বাঁচান। আমি একজন মা, কারো বোন, কারো মেয়ে। আমাকে মরতে দিয়েন না।”
এই মানবিক বিপর্যয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলসহ দেশের বিভিন্ন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংগঠন গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
সংগঠনের নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “একাত্তরে যারা দেশ স্বাধীন করেছিলেন, আজ তাঁদের সন্তান চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মারা যাবে—এটা জাতির জন্য অত্যন্ত লজ্জার। আকলিমার এই কান্না শুধু একটি পরিবারের নয়, এটি গোটা জাতির বিবেককে নাড়া দেয়।”
নেতারা আরও বলেন, “আমরা মাননীয় প্রধানমন্ত্রী, সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং দেশের প্রতিটি হৃদয়বান মানুষের প্রতি জোর দাবি জানাই, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বিশেষ হস্তক্ষেপে আকলিমার সুচিকিৎসার ব্যবস্থা করা হোক।”
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আত্মীয়স্বজন ও স্থানীয়দের কাছ থেকে কিছু সহযোগিতা পাওয়া গেলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। তাই এই সংকটময় মুহূর্তে দেশের ভেতর ও প্রবাসে অবস্থানরত দানশীল ব্যক্তি ও প্রবাসীদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন জানিয়েছেন তাঁরা।
যোগাযোগের ঠিকানা ও সাহায্য পাঠানোর মাধ্যম:
- নাম: মোসা. আকলিমা খাতুন লাকী
- বর্তমান ঠিকানা: বাসা: ৭৫/৫/১, জেএস টাওয়ার, মানিকনগর বালুর মাঠ (পাকার মাথা), মুগদা, ঢাকা-১২০৩
- স্থায়ী ঠিকানা: গ্রাম: সস্তা নতুনপাড়া, থানা: মহেশপুর, জেলা: ঝিনাইদহ
- মোবাইল নম্বর (ব্যক্তিগত/বিকাশ): 01317-208874
আপনার সামান্য সহযোগিতা এবং একটি শেয়ার বাঁচাতে পারে একজন মা, একটি পরিবার এবং একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানকে।

