মোঃ জাকের হোসেন, হাতিয়া উপজেলা প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আদালত অভিমুখী গুরুত্বপূর্ণ সড়কে আরসিসি ঢালাইয়ের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত বুধবার থেকে এই নির্মাণকাজ শুরু হয়।
দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে আদালতে আসা বিচারপ্রার্থী নাগরিকসহ স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষাকালে সড়কটি চলাচলের পুরোপুরি অনুপযোগী হয়ে পড়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বহুগুণ বেড়ে যেত।
সড়কটিতে আরসিসি ঢালাইয়ের কাজ শুরু হওয়ায় দীর্ঘদিনের এই জনদুর্ভোগের অবসান হবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয়রা। একই সঙ্গে এর মাধ্যমে আদালতে যাতায়াতকারী বিচারপ্রার্থী, আইনজীবী ও সাধারণ মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে।
এদিকে, সড়কের আরসিসি ঢালাইয়ের কাজের অগ্রগতি ও নির্মাণমান সরেজমিনে তদারকি করেছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। এ সময় তিনি কাজের মান যেন যথাযথ থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও শ্রমিকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
স্থানীয়রা নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত ও মানসম্মতভাবে কাজটি সম্পন্ন করে সড়কটি পুরোপুরি চলাচলের উপযোগী করার জোরালো দাবি জানিয়েছেন।

