সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক
সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের জেলা শাখার এক নেতার বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
গত সোমবার (৩ আগস্ট ২০২৬) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত জামাল উদ্দিন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অস্ত্রধারী দুর্বৃত্তরা জামাল উদ্দিনের বাসায় প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে তারা ঘরে তল্লাশি চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।
ঘটনার পরপরই বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয় এবং সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “খবর পেয়েই আমরা তদন্ত শুরু করেছি এবং লিখিত অভিযোগ পেয়েছি। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “মুক্তিযোদ্ধা পরিবারের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তার করে কঠোর আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।”
প্রশাসনের পক্ষ থেকেও ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

