সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১ নম্বর উত্তর বংশীকুণ্ডা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে অর্জুন হাজং (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত অর্জুন হাজংকে আটক করে রাখেন। পরে মধ্যনগর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। মধ্যনগর থানার এসআই আমির উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে লক্ষ্মীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত অর্জুন হাজং ওই গ্রামের মৃত উপেন্দ্র হাজংয়ের ছেলে।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মধ্যনগর থানায় একটি এজাহার দায়ের করেন। এরই প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা (নং-০১, তাং ১৯ জুলাই ২০২৬) রুজু করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন (পিপিএম) বলেন, “শিশু ও নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে আসামিকে গ্রেপ্তার করেছে। এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “আমরা এলাকাবাসীকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। শিশুদের প্রতি বিশেষ নজর রাখতে হবে। কোনো অপরাধীকে আশ্রয় না দিয়ে এ ধরনের ঘটনা দেখলে দ্রুত পুলিশকে অবহিত করুন। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মামলার পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

