মোঃ সলিমুল্লাহ ভূঁইয়া, ছাগলনাইয়া (ফেনী)
ছাগলনাইয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে মোহনা টেলিভিশনের সাংবাদিক নিজাম উদ্দিন সজীবের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্টে ছাগলনাইয়া প্রেস ক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মো. শেখ কামাল। দৈনিক ডিজিটাল সময়-এর সহযোগী সম্পাদক এবিএম নিজাম উদ্দিন ও দৈনিক ফেনীর ছাগলনাইয়া প্রতিনিধি নজরুল ইসলাম চৌধুরীর যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবির আহমেদ সিদ্দিকী, মো. মোস্তফা, আবুল হাসান ও কামরুল হাসান লিটন।
এছাড়াও বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির লিটন, আবদুল আউয়াল চৌধুরী; সাবেক সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ ভূঁইয়া ও শাহ আলম; সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম নিলু, শাহ জিয়াউল হক রুবেল এবং কার্যকরী সদস্য মিলন খোন্দকার, সেপাল নাথ, পিনু শিকদার, এম দেলোয়ার হোসেন, কফিল উদ্দিন, জিয়াউল হক বাপ্পি, জয়নাল আবেদীন, শাখাওয়াত পাটোয়ারী ও সলিম উল্লাহ ভূঁইয়া। এ সময় স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই হামলা কেবল সাংবাদিক সজীবের ওপর নয়, বরং এটি পুরো সাংবাদিক সমাজের ওপর এক নগ্ন আঘাত। অবৈধ বালু উত্তোলনকারী সিন্ডিকেটের অস্ত্রধারী সন্ত্রাসীরা সজীবের মাথায় রিভলবার ঠেকিয়ে গুলি করে হত্যার চেষ্টা করেছে। তাকে বেদম মারধরের পর লাথি মেরে ফেনী নদীতে ফেলে দেওয়া হয়েছিল। হামলাকারীরা তাকে নদীতে ভাসিয়ে দেওয়ার মতো নৃশংস পরিকল্পনা করেছিল, যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।’
বক্তারা স্থানীয়দের তাৎক্ষণিক হস্তক্ষেপে সাংবাদিক সজীবের প্রাণরক্ষা হয়েছে উল্লেখ করে ঘটনার তীব্র নিন্দা জানান।
পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা বলেন, এ ঘটনায় ইমাম হোসেন ও ইউনুস নামের দুই আসামিকে দ্রুত গ্রেপ্তারের জন্য ধন্যবাদ জানাই। তবে এখানেই থেমে না থেকে হামলার সঙ্গে জড়িত প্রকৃত আসামি এবং নেপথ্যের নির্দেশদাতাদের অতি দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা।

