সুনামগঞ্জ প্রতিনিধি ॥ শফিকুল ইসলাম শফিক
সুনামগঞ্জের মধ্যনগরে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের বিষয়টি তুলে ধরায় জাতীয় দৈনিক ‘এদিন’-এর উপজেলা প্রতিনিধি শিহাব মিয়াকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত স্থানীয় যুবদল নেতা সাদ্দাম মিয়াকে দল থেকে বহিষ্কার করেছে সুনামগঞ্জ জেলা যুবদল।

ভুক্তভোগী সাংবাদিক নিরাপত্তার অভাব বোধ করে গত শুক্রবার (১০ জুলাই) বিকেলে মধ্যনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ জুন মধ্যনগর উপজেলা প্রশাসনের ওয়েবসাইটে হাওর এলাকায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১ হাজার ৮৯০ জন কৃষকের নামের তালিকা প্রকাশ করা হয়। তালিকায় অনেক সচ্ছল ব্যক্তি ও অকৃষকের নাম থাকায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে গত রোববার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রংচী গ্রামের ২৪ জন অকৃষক ও সচ্ছল ব্যক্তির নাম উল্লেখ করে ইউএনও বরাবর লিখিত আপত্তি দেন সাংবাদিক শিহাব মিয়া। তালিকায় ওই ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম মিয়ার পরিবারের একাধিক সদস্যের নাম ছিল।
সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে প্রশাসন বিতর্কিত ২৪ জনের নাম স্থগিত করে বাকিদের মাঝে ত্রাণ বিতরণ শুরু করে এবং পুনরায় যাচাইয়ের সিদ্ধান্ত নেয়। এতে ক্ষুব্ধ হয়ে গত বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে সাদ্দাম মিয়া সাংবাদিক শিহাব মিয়াকে ফোন করে হুমকি দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অডিওতে তাকে বলতে শোনা যায়, “এই গ্রামে থাকতে হলে এটা বন্ধ করতে হবে। নাহলে সমস্যায় পড়বা। আমার সামনে পড়লে বুঝতে পারবা।”
এ বিষয়ে সাংবাদিক শিহাব মিয়া বলেন, “তালিকায় যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত নন তাদের নাম থাকায় জনস্বার্থে আমি আপত্তি জানিয়েছিলাম। এ কারণেই আমাকে হুমকি দেওয়া হয়েছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”
অভিযুক্ত সাদ্দাম মিয়া তার সাফাইয়ে বলেন, “শিহাব আমার আত্মীয়। আবেগের বশে কিছু কথা বলেছি, কাউকে ভয় দেখানোর উদ্দেশ্য ছিল না।”
ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা যুবদল দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে। শনিবার (১১ জুলাই) জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাদ্দাম মিয়াকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ পরিপন্থি কাজে জড়িত থাকায় তাকে বহিষ্কার করা হয়েছে। তার কোনো কাজের দায় সংগঠন নেবে না এবং দলের কেউ তার সঙ্গে সাংগঠনিক যোগাযোগ রাখবে না।
এ বিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন বলেন, “সাংবাদিকের দেওয়া জিডি রেকর্ড করা হয়েছে। অডিও ও অভিযোগ যাচাই করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

