মোঃ জাকের হোসেন , হাতিয়া (নোয়াখালী)
নোয়াখালীর হাতিয়াসহ উপকূলীয় এলাকায় চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করেছে বাহিনীটি।
আজ শনিবার (১১ জুলাই) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়া মানুষের উদ্ধার কার্যক্রমের পাশাপাশি মানবিক দায়িত্ববোধ থেকে কোস্ট গার্ড নিয়মিত ত্রাণ সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায়, গত ১০ জুলাই শুক্রবার কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীতে টানা বর্ষণে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
একই ধারাবাহিকতায়, আজ ১১ জুলাই শনিবার সকালে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি দল হাতিয়া থানাধীন কাটাখালী গ্রামে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় ওষুধ, খাবার স্যালাইন এবং শুকনো খাবার বিতরণ করে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের যেকোনো সংকট ও দুর্যোগপূর্ণ মুহূর্তে বাংলাদেশ কোস্ট গার্ড অতীতেও পাশে ছিল এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক এই কার্যক্রম অব্যাহত রাখবে।

