মোঃ জাকের হোসেন, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়ায় উৎসবমুখর পরিবেশে আলীবাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জাপর উল্যাহ এবং সাধারণ সম্পাদক পদে জামসেদুল ইসমাইল টুটুল নির্বাচিত হয়েছেন।
রোববার (২৮ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বাজারের মোট ১২৪ জন বৈধ ভোটারের মধ্যে সিংহভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, গত ১১ জুন নির্বাচনের তফসিল ঘোষণার পর ১১টি পদের বিপরীতে ২০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। এর মধ্যে ৭টি পদে একাধিক প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ৪টি পদের জন্য রোববার ভোট গ্রহণ করা হয়।
ভোটের ফলাফলে হরিণ প্রতীক নিয়ে সর্বোচ্চ ৮০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন জাপর উল্যাহ। আনারস প্রতীক নিয়ে ৭৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হন জামসেদুল ইসমাইল টুটুল। এছাড়া সহ-সভাপতি পদে মোঃ রাশেদ ৫৮ ভোট এবং ক্যাশিয়ার পদে ৮৯ ভোট পেয়ে দেলোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনকে কেন্দ্র করে আলী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ ব্যানার ও ফেস্টুনে উৎসবমুখর হয়ে ওঠে। সকাল থেকেই বিভিন্ন প্রার্থীর কর্মী-সমর্থকদের ভোটারদের আকৃষ্ট করতে সরব উপস্থিতি ছিল। পুরো নির্বাচনী এলাকায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা মোঃ আলী কলেজের অধ্যক্ষ ও প্রিসাইডিং কর্মকর্তা মোঃ আজমির হোসেন জানান, বণিক সমিতির সদস্যরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করেছেন। ভোট গ্রহণ শেষে প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে গণনা সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

