শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ প্রতিনিধি:
ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ধ্বংসের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ‘মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য চৌধুরী আ. জ. ম. খায়রুল বাশার রনি স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তিন দফা দাবি তুলে ধরা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ৫ আগস্ট-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত স্থাপনা ভাঙচুর ও ধ্বংস করা হয়েছে। এটি কেবল ইট-পাথরের ক্ষতি নয়, বরং জাতীয় ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র।
তিন দফা দাবিগুলো হলো:
- স্মৃতিস্তম্ভ সংরক্ষণ: সারাদেশে যেসব স্মৃতিস্তম্ভ ও শহীদের নামফলক ভাঙচুর করা হয়েছে, অবিলম্বে তা পুনঃস্থাপন ও সংরক্ষণের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
- পৃথক মন্ত্রণালয় গঠন: ‘মুক্তিযুদ্ধ’ কোনো নির্দিষ্ট দলের নয়, এটি একটি জাতির অর্জন। তাই মন্ত্রণালয় থেকে কথিত ‘চুক্তি যোদ্ধা’দের তালিকা পৃথক করে শুধুমাত্র প্রকৃত মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের জোর দাবি জানানো হয়।
- ইতিহাসের মর্যাদা রক্ষা: জুলাইয়ের এক মাসের আন্দোলনের সঙ্গে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের তুলনা করা শহীদদের রক্তের প্রতি অসম্মান। বিবৃতিতে এই তুলনা পরিহার করে ইতিহাসের সঠিক মূল্যায়ন ও রাষ্ট্রপ্রধানের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘বীর উত্তমের সন্তান’ আখ্যা দিয়ে বলা হয়, “আপনি মুক্তি পরিবারের গর্ব। একজন বীরের সন্তান হিসেবে আপনি বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট ও আবেগ নিশ্চয়ই অনুধাবন করবেন।”
শেষে বিবৃতিতে বলা হয়, ইতিহাস ও শহীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনই এখন সময়ের দাবি। মুক্তি পরিবার মুক্তিযুদ্ধের চেতনার অতন্দ্র প্রহরী হয়ে দেশের সেবায় নিয়োজিত থাকবে।

