শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ প্রতিনিধি:
মধ্যনগর উপজেলার ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির আয়োজনে বুধবার (৩ জুন) দুপুরে মহিষখলা বাজারে ঈদ পুনর্মিলনী, মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয় এবং স্থানীয় আদিবাসী শিল্পীদের অংশগ্রহণে বর্ণিল নৃত্য পরিবেশিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও হাওরবন্ধু জনাব কামরুজ্জামান কামরুল।
ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মুক্তার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুস ছালামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জামাল হোসেন মেম্বার, সাবেক মধ্যনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. হযরত আলী এবং যুবদলের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন-২০২৬, মধ্যনগর উপজেলা শাখার চেয়ারম্যান জনাব বেলাল নকরেক ও সাধারণ সম্পাদক জনাব সুদর্শন রুরাম উপস্থিত ছিলেন। আদিবাসী নেতৃবৃন্দের পক্ষ থেকে এমপি কামরুজ্জামান কামরুলকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এ সময় বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাত্তার মিয়াসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মো. মুক্তার হোসেন বলেন, “এই ঈদ পুনর্মিলনী আমাদের ঐক্য ও সংহতির প্রতীক। বিএনপির প্রতিটি নেতাকর্মী অতীতে যেমন জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। আপনাদের আস্থাই আমাদের রাজনীতির মূল শক্তি।”
প্রধান অতিথির বক্তব্যে এমপি কামরুজ্জামান কামরুল আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, “মহিষখলার মানুষের এই ভালোবাসা আমি কখনো ভুলবো না। আপনারা আমার অভিভাবক। আপনাদের সুখ-দুঃখ এবং দাবি-দাওয়া আমার রাজনীতির মূল ভিত্তি। আমি কথা দিচ্ছি, যতদিন বেঁচে আছি আপনাদের পাশে থাকবো এবং হাওর অঞ্চলের মানুষের মুখে হাসি ফোটাতে দিনরাত কাজ করে যাবো।”
সভায় বক্তারা ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়ন, কৃষি উন্নয়ন এবং হাওরের স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি এমপি মহোদয়ের নিকট তুলে ধরেন। অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ ও উপস্থিত এলাকাবাসী একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

