শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুলকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। বংশীকুন্ডা কলেজকে এমপিওভুক্ত করার দাবি ও উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (২ জুন) বেলা দেড়টার দিকে বংশীকুন্ডা কলেজ মাঠে বংশীকুন্ডা কলেজ ও বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয় জনগণের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বংশীকুন্ডা কলেজের অধ্যক্ষ জনাব নুরুল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের প্রভাষক মো. দেলোয়ার হোসেন এবং মানপত্র পাঠ করেন একই কলেজের পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রভাষক সোনিয়া খানম।
সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বংশীকুন্ডা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সাথী সরকার, বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী রাদিয়া তাসনিম এবং ছাত্র মোস্তাক আহমেদ দুর্জয়। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে আবেগঘন কণ্ঠে বলেন, “বংশীকুন্ডা কলেজ এমপিওভুক্ত হলে আমাদের মতো হাওরাঞ্চলের হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পাবে। এটি আমাদের প্রাণের দাবি।”
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, “আপনাদের এই ভালোবাসা ও উপস্থিতি আমাকে সত্যিই অভিভূত করেছে। বংশীকুন্ডা কলেজ হাওরাঞ্চলের শিক্ষা বিস্তারে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আমি আপনাদের কথা দিচ্ছি—কলেজটি এমপিওভুক্ত করার জন্য সংসদ ও শিক্ষা মন্ত্রণালয়ে আমার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব। শিক্ষার উন্নয়ন ছাড়া হাওরাঞ্চলের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমি থেমে থাকব না।”
অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, দক্ষিণ বংশীকুন্ডা বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় সর্বস্তরের জনগণ। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্থানীয় ঐতিহ্যবাহী ধামাইল গানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

