শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মধ্যনগর উপজেলার সর্বস্তরের জনগণসহ শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবী মানুষ এবং প্রবাসী ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন দৈনিক ভোরের আকাশ পত্রিকার মধ্যনগর প্রতিনিধি মো. আল-আমিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা আমাদের জীবনে ত্যাগ, কোরবানি, সহমর্মিতা ও মানবতার মহান শিক্ষা নিয়ে আসে। হযরত ইব্রাহিম (আ.)-এর অবিচল আনুগত্য ও আত্মত্যাগের আদর্শ আজও আমাদের পথ দেখায়। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজ ও দেশের কল্যাণে কাজ করাই প্রকৃত ইবাদত।”
মো. আল-আমিন আরও বলেন, “মধ্যনগরের মাটি ও মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। একজন সাংবাদিক হিসেবে আমি সবসময় সত্যের পক্ষে থেকে সাধারণ মানুষের কথা তুলে ধরার এবং সমাজের অসঙ্গতিগুলো দূর করার চেষ্টা করেছি। ঈদের এই পবিত্র ক্ষণে আমি প্রার্থনা করি, আমাদের মধ্যনগরে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক।”
ঈদ উদযাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “ঈদ মানেই আনন্দ ভাগ করে নেওয়া। তাই আসুন, এই উৎসবে আমরা অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই। তাদের মুখে হাসি ফোটানোই হোক আমাদের ঈদের আসল আনন্দ। শিক্ষা প্রসার, যুবসমাজের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন এবং ন্যায়ভিত্তিক উন্নয়নকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ হলে মধ্যনগর একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে উঠবে।”
সাংবাদিকতাকে সেবার মাধ্যম হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি মানুষের সেবা করার অন্যতম একটি মাধ্যম। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী দিনেও সত্য ও ন্যায়ের পক্ষে আমার লেখনী অব্যাহত থাকবে।”
পরিশেষে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, তিনি যেন সকলের কোরবানি কবুল করেন, দেশ থেকে সকল দুর্যোগ ও সংকট দূর করেন এবং মধ্যনগরসহ সারা বাংলাদেশে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখেন। সকলের জীবনে ঈদ অনাবিল সুখ ও শান্তি বয়ে আনুক—এই কামনা করেন তিনি।

