ঢাকারবিবার , ২৪ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় ব্যবসায়ীকে নির্যাতনের পর অস্ত্র দিয়ে চালান দেওয়ার অভিযোগ: এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

প্রতিবেদক
Sagar Chandra
মে ২৪, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

জাকের হোসেন,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

​নোয়াখালীর হাতিয়ায় ব্যবসায়ী আমজাদ হোসেন বিদ্যুৎকে অমানবিক নির্যাতন, বাড়িতে ভাঙচুর ও পরিকল্পিতভাবে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে কোস্ট গার্ডের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ও ব্যবসায়ী বিদ্যুতের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

​শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ভৈরব বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার শত শত ব্যবসায়ী, বাজার কমিটির নেতৃবৃন্দ, ভুক্তভোগীর স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

​মানববন্ধনে ভৈরব বাজার বণিক সমিতির আহ্বায়ক কবির মিয়া বলেন, “বিদ্যুৎ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। প্রতিপক্ষের ইন্ধনে তাকে বিনা অপরাধে ফাঁসিয়ে অস্ত্র মামলায় কোস্ট গার্ডের মাধ্যমে থানায় সোপর্দ করা হয়েছে। আমরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও তার দ্রুত মুক্তি দাবি করছি।”

​ব্যবসায়ী রাশেদসহ অন্যান্য বক্তারা অভিযোগ করেন, স্থানীয় একটি ষড়যন্ত্রকারী চক্রের প্ররোচনায় পরিকল্পিতভাবে এই অভিযান চালানো হয়েছে।

​ভুক্তভোগীর মা লুৎফে আরা বেগম কান্নাবিজড়িত কণ্ঠে অভিযোগ করেন, “আমার ছেলেকে বাজার থেকে হাত বেঁধে বাড়িতে আনা হয়। এরপর বাড়ির ছাদে নিয়ে তাকে অমানবিক নির্যাতন করা হয়। পরে নাটক সাজিয়ে হাঁস-মুরগির খোপ থেকে অস্ত্র উদ্ধারের কথা বলা হয়েছে। অথচ আমি নিজেই সেখানে নিয়মিত কাজ করি, সেখানে কোনো অস্ত্র ছিল না।”

​বিদ্যুতের স্ত্রী পারভীন আক্তার অভিযোগ করেন, “স্বামীকে ছাড়ার অনুরোধ করলে আমাকে গালিগালাজ করে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। এ সময় ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করা হয়েছে।” প্রতিবেশী সুলতানা বেগম ও জোছনা জানান, তারা বিদ্যুতের আর্তচিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে অমানবিক মারধরের দৃশ্য দেখেছেন। এ সময় বাধা দিতে গেলে প্রতিবন্ধী শিশু আরমানকেও গুলি করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।

​মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, বাড়ি থেকে বিদ্যুতের চিৎকার শুনে ডাকাতির আশঙ্কা করে এলাকার মানুষ এগিয়ে আসলে কোস্ট গার্ড সদস্যরা এলোপাতাড়ি গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

​ভুক্তভোগী আমজাদ হোসেন বিদ্যুৎ (৩৬) চরকিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামের হাজি আবুল কালামের ছেলে। গত ২১ মে বৃহস্পতিবার রাত ৮টার দিকে কোস্ট গার্ড অভিযান চালিয়ে তাকে আটক করে এবং পরদিন অস্ত্র মামলায় থানায় সোপর্দ করে।

​মানববন্ধন শেষে বিদ্যুতের মুক্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যাতে অন্তত দুই সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।

​এ বিষয়ে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা রায়হান আহমেদ জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আমজাদ হোসেন বিদ্যুৎকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

Don`t copy text!