শফিকুল ইসলাম শফিক,সুনামগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মধ্যনগরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মধ্যনগরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল বাশার তালুকদার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, কোরবানি ও আত্মশুদ্ধির মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত। এই পুণ্য তিথিতে আমি মধ্যনগরবাসীসহ দেশের সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।”
নিজের রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম তুলে ধরে আবুল বাশার তালুকদার বলেন, “মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দীর্ঘ সময় ধরে আমি জনগণের সুখে-দুঃখে পাশে আছি। এছাড়া উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক এবং ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে অতীতে ছাত্র ও যুব সমাজের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করেছি। শিক্ষা ও ব্যবসায়িক উন্নয়নের লক্ষে মধ্যনগর বি.পি. হাইস্কুল অ্যান্ড কলেজের সাবেক সদস্য এবং মধ্যনগর বাজার বণিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি।”
আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, “আমি একটি দুর্নীতিমুক্ত, উন্নত ও শান্তিপূর্ণ মধ্যনগর গড়তে চাই। জনগণের ভালোবাসা ও দোয়া আমার প্রধান শক্তি। আমি বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সমৃদ্ধ উপজেলা গড়ে তুলতে পারব।”
ঈদুল আযহার তাৎপর্য নিয়ে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা সব ভেদাভেদ ভুলে সম্প্রীতি, মানবতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই এবং একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করি।”
সবশেষে তিনি মহান আল্লাহর দরবারে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং পরিবার-পরিজন নিয়ে সবাইকে আনন্দমুখর ঈদ উদযাপনের আহ্বান জানান।

