সাগর চন্দ্র স্বপন, দুবাই প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের চলমান অস্থির পরিস্থিতির মধ্যেও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক রিয়েল এস্টেট এক্সিবিশন ও গালা নাইট। দুবাইয়ের আবাসন খাতকে আরও গতিশীল করতে এই আয়োজন করে খ্যাতনামা আবাসন প্রতিষ্ঠান ‘আজিজি ডেভেলপমেন্টস’ এবং ‘ডেজার্ট রাইজ রিয়েল এস্টেট’।
অনুষ্ঠানে অংশ নেন শত শত বাংলাদেশি ব্যবসায়ী, কমিউনিটি নেতা ও প্রবাসী পরিবার। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মনোমুগ্ধকর পারফরম্যান্সের পাশাপাশি তাকে ‘এন্টারটেইনমেন্ট পার্সোনালিটি অব দ্য ইয়ার’ সম্মাননায় ভূষিত করা হয়। এছাড়াও ভারত, শ্রীলঙ্কাসহ এশিয়ার বিভিন্ন দেশের প্রায় দুই ডজন শিল্পী সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিয়ে দর্শকদের মুগ্ধ করেন।
মেলার বিশেষ আকর্ষণ হিসেবে বিশাল কেক কাটার মধ্য দিয়ে বুর্জ খলিফার আদলে একটি মেগা টাওয়ার নির্মাণের ঘোষণাও দেয় আজিজি ডেভেলপমেন্টস। অনুষ্ঠানে উপস্থিত দুবাই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রবাসীদের স্থানীয় আইন-কানুন মেনে চলা ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সচেতন থাকার আহ্বান জানান।
শিবলী সাদিক ও রাকা জামানের যৌথ সঞ্চালনায় এবং রিয়াজুল ইসলাম ফিহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি দুবাইয়ের সহ-সভাপতি ইয়াকুব সৈনিক, আজমানের সাধারণ সম্পাদক কামাল হোসেন সুমন, সিআইপি সেলিম রেজা, সিআইপি জসিম উদ্দিন, সিআইপি মাজহারুল ইসলাম মাহবুব, সিআইপি নজরুল ইসলাম ও সিআইপি শেফালী আক্তার আঁখিসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানের সমাপনী পর্বে বক্তব্য দেন আয়োজক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও রিয়াজুল ইসলাম ফিহান। তিনি বলেন, দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে বাংলাদেশিদের আগ্রহ দিন দিন বাড়ছে। ভবিষ্যতে আজিজি ডেভেলপমেন্টস ও ডেজার্ট রাইজ রিয়েল এস্টেটের মাধ্যমে প্রবাসীদের জন্য আরও নিরাপদ, আধুনিক ও লাভজনক বিনিয়োগের সুযোগ তৈরি করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

