মোঃ জাকের হোসেন, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
সারা দেশের ন্যায় নোয়াখালীর হাতিয়া উপজেলায় নানামুখী আয়োজনের মধ্য দিয়ে ‘ভূমি সেবা মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মশিয়ুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল বাছেদ সবুজ, উপজেলা ভূমি অফিসের কানুনগো আলী মনছুর, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবুল কালামসহ ভূমি অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মেলায় আগত সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, ই-নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর পরিশোধ, অনলাইনে আবেদন প্রক্রিয়া এবং ভূমি সংক্রান্ত নানা তথ্য ও পরামর্শ প্রদান করা হয়। ব্যতিক্রমী এই আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় সহজে পৌঁছে দিতে সরকার ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে ভূমি অফিসে দুর্নীতি ও গ্রাহক হয়রানি কমাতে অনলাইনভিত্তিক সেবার কোনো বিকল্প নেই।
মেলা চলাকালীন ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত থেকে সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সেবা প্রদান করেন। মেলায় অংশ নেওয়া সাধারণ মানুষ সরকারের এই ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেছেন।

