লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাট-৩ (সংরক্ষিত) আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে লালমনিরহাট জেলা ডিবি পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় লালমনিরহাট জেলা পুলিশ সুপারের নির্দেশনায় একটি বিশেষ দল ঢাকায় এই অভিযান পরিচালনা করে।
ডিবি সূত্রে জানা গেছে, সফুরা বেগম রুমীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানা, রংপুরের কোতোয়ালি থানা এবং ঢাকার মোহাম্মদপুর থানাসহ বিভিন্ন থানায় হত্যা, নাশকতা ও প্রতারণার অভিযোগে মোট পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে রংপুর মহানগর ও লালমনিরহাট সদর থানার মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি।
লালমনিরহাট ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি গ্রেফতার এড়াতে ঢাকায় আত্মগোপনে ছিলেন। সেখানে অবস্থান করেই তিনি দলের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত সফুরা বেগম রুমী লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

