শফিকুল ইসলাম শফিক (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের রুপনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৩টায় যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত প্রায় ১০টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মঙ্গলবার বিকেল ৩টায় মরহুমের নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। দাফনের পূর্বে মধ্যনগর থানার পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে রাষ্ট্রীয়ভাবে শেষ শ্রদ্ধা নিবেদন করে।
জানাজা ও দাফন অনুষ্ঠানে মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ, মধ্যনগর থানার পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের পরিবারের হাতে দাফন-কাফনের ব্যয় নির্বাহের জন্য নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।
উপস্থিত সবাই গভীর শোক প্রকাশ করেন এবং বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশের স্বাধীনতা অর্জনে তাঁর বীরত্বপূর্ণ ভূমিকা ও আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় এই সূর্যসন্তানকে শেষ বিদায় জানানো হয়।

